বান্দরবানের আলীকদমে ধরা পড়েছেন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মো. মোবারক হোসেন (২৭)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটরসাইকেল। টিভিএস আরটিআর মোটরসাইকেলটির দাম প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে পটিয়া পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনের রাস্তা থেকে মো. ইকবাল হোসেনের (২৭) মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি পটিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে বান্দরবানের আলীকদম থানা এলাকা থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আজ দুপুরে ভুক্তভোগী ইকবাল হোসেনের দায়ের করা মামলায় মোবারককে গ্রেপ্তার দেখিয়ে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মোবারক হোসেন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল পরিকল্পনাকারী। এর আগেও তাকে পটিয়া থানার মামলায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছিল।
যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, পটিয়ায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধী চক্রের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলছে।
কেএ/আলোকিত চট্টগ্রাম


