দেশজুড়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ বলবৎ রাখার ঘোষণা দিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এটি বলবৎ থাকবে। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে দুটি নতুন কর্মসূচি—চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং পরের সপ্তাহে জাতীয় সম্মেলন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্ল্যাটফর্মের সভাপতি মো. ওয়ালি উল্লাহ। প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে একত্র হওয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজন করেন।
রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) আয়োজিত এ সংবাদ সম্মেলনে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান পার্থক্য ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। যাতে বলা হয়, অনেক ক্ষেত্রেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পদগুলো শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা হয়, সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো সুযোগই দেওয়া হয় না। এটি বন্ধ করতে হবে।
ওয়ালি উল্লাহ বলেন, তিন দফার ওপর আমাদের আন্দোলন চলছিল এবং গতকালের যে ম্যাসিভ ইনসিডেন্ট হয়েছে এর সুরাহা হতে হবে। আমাদের যদিও গতকাল কমিটমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেটার কোনো বাস্তবায়ন আমরা আজকেও পাইনি। আমরা কর্মসূচি যেটা রাখছি, প্রথমত আমাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগপর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে।
এদিকে চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং পরের সপ্তাহে জাতীয় সম্মেলন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। জনদুর্ভোগ এড়াতেই তাঁরা এমন কর্মসূচিতে দিয়েছেন বলে জানান। তবে তাঁরা আজ একটি মিছিল করেছেন বলে জানিয়েছেন।
আলোকিত চট্টগ্রাম


