লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ধরা খেয়েছে ৯ জন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা সদর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
উপজেলা সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়ন আমিরাবাদ বাজারে অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ মামলায় দুব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অপরদিকে উপজেলার লোহাগাড়া সদর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারার ৭ মামলায় অভিযুক্ত ৭ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ মামলায় নয় ব্যক্তির কাছ থেকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএস/আলোকিত চট্টগ্রাম


