পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ লুকিয়ে ছিল কলাতলীর আবাসিক হোটেলে

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের এসআইয়ের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) ভোরে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাজ্জাদ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে।

আরও পড়ুন : পুলিশের ওপর হামলা—আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

পুলিশ জানায়, গত রোববার রাতে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলায় সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেন উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পাল। গ্রেপ্তারের পর সাজ্জাদকে অটোরিকশায় তোলার সময় তার স্বজনরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তারা সাজ্জাদকে ছিনিয়ে নেন।

এ ঘটনার পর এসআই সঞ্জীব পাল বাদী হয়ে সাজ্জাদসহ ছয়জনের নাম উল্লেখ এবং আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

পরদিন এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, চকরিয়া থানা পুলিশের একটি টিম কক্সবাজার গিয়ে আসামি সাজ্জাদ হোসেনকে নিয়ে আসে। আজ বিকেলে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm