পুলিশের ওপর হামলা—আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে !

গত সোমবার (৭ জুলাই) তাঁকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। গ্রেপ্তারের পর সাজ্জাদকে থানার গাড়িতে তোলার সময় তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা সাজ্জাদকে ছিনিয়ে নেন। সাজ্জাদ হোসেন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : পুলিশের ওপর হামলা—জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে চিন্ময় ব্রহ্মচারীকে

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

ওসি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পরে এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার নির্দেশ দেয়। আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, সাজ্জাদকে গ্রেপ্তার করে অটোরিকশায় তোলার সময় হঠাৎ স্বজনরা হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। প্রত্যাহারের পর বর্তমানে আমি জেলা পুলিশ লাইনে আছি।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm