মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারইয়ারহাটে প্রাইভেট কার থেকে ৭০ কেজি গাঁজাসহ ৩ যুবক ধরা পড়েছে।
আটকরা হলো— কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার মৃত ইছাহাকের ছেলে প্রাইভেট কার চালক মো. সোহেল (৩২), মো. জাফর আলমের ছেলে মো. সারোয়ার কামাল প্রকাশ কামাল (৩৩) ও গোলাম কুদ্দুসের ছেলে কামরুল হাসান (৪৩)।
র্যাব জানায়, গোপন সংবাদে খবর মিলে কুমিল্লা থেকে প্রাইভেট কারে বিপুল পরিমাণ গাঁজা কক্সবাজার নেওয়া হচ্ছে। এরপর বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকানো ৫টি খাকি রঙের কার্টনের ভেতর ২৭টি বান্ডিল থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার গাঁজার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী বলেন, উদ্ধার হওয়া মাদক ও আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম আলোকিত চট্টগ্রাম বলেন, তিন মাদক কারবারিকে ৭০ কেজি গাঁজাসহ আটক করে রাতে থানায় হস্তান্তর করেছে র্যাব-৭। আজ (২৪ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম
