৩ দিন না যেতেই জামিন পেলেন নারীকে লাথি মারা সেই আকাশ

তিনদিন না যেতেই জামিন পেয়ে গেছেন চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারা সেই বহিষ্কৃত জামায়াত কর্মী এসএম ছিবগাত উল্লাহ প্রকাশ আকাশ চৌধুরী।

বুধবার (৪ জুন) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে তাঁর জামিনের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের এডিসি-প্রসিকিউশন মফিজ উদ্দিন জানান, আজ বিকেলে আকাশ চৌধুরীর জামিনের আবেদন করা হলে আদালত মঞ্জুর করেন। আগামী ১৫ জুন থেকে তাঁকে প্রতিদিন আদালতে হাজিরা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন : চট্টগ্রামে নারীকে লাথি মারা ভাইরাল সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

এর আগে রোববার (১ জুন) দুপুর ৩টার দিকে নগরের লালদীঘি মাঠ এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। একইদিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী। তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

গত ২৯ মে চট্টগ্রামের জামালখান এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের আহ্বানে প্রতিবাদ সমাবেশে হয়। এতে ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামে একটি সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় আকাশ ছাত্র জোটের এক নারী নেত্রীসহ আরও কয়েকজনকে লাথি মারেন। এ ঘটনায় বাম গণতান্ত্রিক জোটের অন্তত চার নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে ঘটনার পর পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে। সেই মামলায় আকাশকে লালদীঘি এলাকা থেকে গ্রেপ্তার করেছিল কোতোয়ালি থানা পুলিশ।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm