চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে বহিষ্কৃত হওয়া ভাইরাল জামায়াত কর্মী এসএম ছিবগাত উল্লাহ প্রকাশ আকাশ চৌধুরী অবশেষে গ্রেপ্তার হয়েছেন।
রোববার (১ জুন) দুপুর ৩টার দিকে নগরের লালদীঘি মাঠ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তার আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী। তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রামে শ্রমিক দলের অফিসে জুয়ার আসর, ১২ জনকে ধরল পুলিশ
এর আগে গত ২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট। একপর্যায়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যানি চৌধুরীসহ কয়েকজনকে পেছন থেকে লাথি মারেন আকাশ চৌধুরী। লাথি মারার সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুরু হয় সমালোচনার ঝড়।
এরপর শুক্রবার (৩০ মে) জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী থেকে পাঠানো এক বিবৃতিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও উপর্যুক্ত বিষয় বিবেচনায় নিয়ে জড়িত আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, আজ দুপুর ৩টার দিকে লালদীঘি এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করি। গত ২৮ মে তাঁর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সং/২০১৯) এর ৪/৫ ধারায় মামলা (নম্বর ৩৮) হয়েছিল। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


