এই দেশে বেঁচে থাকতে হলে ঐক্যবদ্ধ থেকে অধিকার প্রতিষ্ঠা করতে হবে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী
নানা আয়োজনে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় আন্দরকিল্লা ঐক্য পরিষদ কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধী ভিক্ষু।
আরও পড়ুন : ধর্মনিরপেক্ষ সংবিধান থাকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়োজন হতো না
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পালাবদলে সকল রাজনৈতিক দল ক্ষমতায় গেলেও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই ৩৭ বছরেও শেষ হয়নি। বর্তমানে রাষ্ট্র ব্যবস্থায় ঐক্য পরিষদের সকলকে ঐক্যবদ্ধভাবে মানবাধিকার লড়াইকে রাজনৈতিক লড়াইয়ে রূপান্তরিত করতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খ্রিস্টান নেতা জিওন ব্যাপটিস চার্চের পুরোহিত প্যাস্টর অসাই ত্রিপুরা। তিনি বলেন, এই দেশে আমাদেরকে বেঁচে থাকতে হলে সবাই ঐক্যবদ্ধ থেকে নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সংগঠন সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ।
বক্তব্য রাখেন সহসভাপতি দীপংকর চৌধুরী কাজল, যামিনী কুমার দে, আশুতোষ সরকার, ডা. তপন তপন কান্তি দাশ, সুকান্ত দত্ত, সুমন কান্তি দে, অলক দাশ, মিনু রাণী দেবী, অ্যাড. রুবেল পাল, অধ্যাপক শিপুল কুমার দে, মৃদুল চৌধুরী, নিত্য গোপাল দেব ও সীমান্ত দত্ত রিজু।
শেষে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আলোকিত চট্টগ্রাম


