চকরিয়ায় পানির পাম্প চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল মান্নান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় বাবুল নামের আরেকজন পালিয়ে যায়।
মঙ্গলবার (১৩ মে) ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের অল্যার বাপেরপাড়ার মো. বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আবদুল মান্নান উপজেলার সাহারবিল ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের জাফর আলম প্রকাশ জাফর মিস্ত্রির ছেলে। বাবুল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বুড়িরপাড়া এলাকার ইব্রাহিম ডাকাতের ছেলে।
আরও পড়ুন : চট্টগ্রামে বাসা থেকে স্বর্ণ চুরির নেপথ্যে নুরজাহান
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, মান্নান, বাবুলসহ আরও কয়েকজন মিলে এলাকায় নিয়মিত চুরি-ডাকাতি করে। আজ ভোরে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অল্যার বাপেরপাড়ার বাদশা মিয়ার বাড়িতে পানির পাম্প চুরি করতে যায় আবদুল মান্নান, বাবুলসহ আরো কয়েকজন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আবদুল মান্নান। তবে পালিয়ে যায় অন্যরা।
চেয়ারম্যান আরও বলেন, বিষয়টি চকরিয়ার থানার ওসিকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আবদুল মান্নানের লাশ উদ্ধার করেছে।
এমকেডি/আরবি
