কক্সবাজারে গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দেন আবু বক্কর ছিদ্দিক বাবুল (৪২) নামে এক ইউপি সদস্য। তবে এরপরও শেষ রক্ষা হয়নি। তাঁকে পুকুর থেকে তুলে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার ( ১২ মে) দুপুর ৩টার দিকে খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়ায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘোনারপাড়া এলাকার মৃত আমীর হামজার ছেলে।
আরও পড়ুন : চকরিয়ায় ইউপি সদস্যকে লাশ করে পালাল চালক-হেলপার
অভিযান পরিচালনাকারী কক্সবাজার সদর মডেল থানার এসআই নুর মোহাম্মদ বলেন, নারী নির্যাতন মামলায় খুরুশকুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বিষয়টি টের পেয়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন তিনি। পরে সেখান থেকে তুলে তাঁকে গ্রেপ্তার করা থানায় নিয়ে আসা হয়।
যোগাযোগ করা হলে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান আলোকিত চট্টগ্রামকে বলেন, নারী নির্যাতন মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি/আরবি


