চিকিৎসা নিশ্চিত হলো হতদরিদ্র গিয়াসের, পাবেন পাকা বাড়ি!

চন্দনাইশের দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামের হতদরিদ্র ও ভূমিহীন গিয়াস উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৬ মার্চ) সকালে আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল তারেক রহমানের আর্থিক সহায়তা পৌঁছে দেন গিয়াস উদ্দিনের কাছে। গিয়াসের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি তাঁকে জমিসহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান।

অসহায় গিয়াস উদ্দিন বলেন, মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কাছে থেকে এমন সহযোগিতা আমার জীবনের বড় পাওয়া।

আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ঢাকা থেকে আজ সকালে চন্দনাইশ আসেন।

আরও পড়ুন : শীতবস্ত্র পেল সীতাকুণ্ডের ৫০০ প্রতিবন্ধী-হতদরিদ্র

এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, আজকে সত্যিই একটি মনে রাখার মতো দিন। কারণ সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান চন্দনাইশের এই দুর্গম এলাকার বাসিন্দা অসুস্থ গিয়াস উদ্দিনসহ তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা চট্টগ্রামবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মীর হেলাল বলেন, মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের অন্যান্য জেলায় তাদের মানবিক কর্মসূচির পাশাপাশি আজকে তারা চট্টগ্রাম জেলার এই পাহাড়ি জনপদে এসে অসুস্থ গিয়াস উদ্দিনের খোঁজখবর নিলেন। আমি এই সংগঠনের আরও সফলতা কামনা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরী ও ফজলু কবির চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন ও সদস্য আল মামুন সাদ্দাম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm