কর্ণফুলীতে গভীর রাতে ছাত্রলীগের মিছিল, ভিডিও দেখে গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে গভীর রাতে বের করা ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) রাতে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— চট্টগ্রাম নগরীর খুলশী তুলাতলী ২ নম্বর গেইট এলাকার আব্দুল শুক্কুরের ছেলে মো. জিহাদ হোসেন (১৯), সদরঘাট পশ্চিম মাদারবাড়ির মৃত ইদ্রিস হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পাঁচলাইশ হিলভিউ আবাসিক ২ নম্বর গেইট এলাকার মো. জালালের ছেলে মো. জলিল আহমেদ রকি (২৪) ও পাঁচলাইশ মেয়র গলি এলাকার মাহবুবুর আলমের ছেলে রেদোয়ান হোসেন প্রকাশ হৃদয় (১৯)।

আরও পড়ুন : চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে স্লোগান

জানা যায়, সোমবার রাত পৌনে ৩টার দিকে কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তালতলা থেকে টাওয়ারের গোড়া পর্যন্ত ছাত্রলীগের সদস্যরা লাঠিসোটা, ইট-পাটকেল হাতে নিয়ে মিছিল বের করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও দেখে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm