চট্টগ্রাম নগরে জিইসিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে মিছিলটি শেষ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৬টার দিকে মিছিলটি বের করা হয়।
এদিকে একইদিন সকাল ১০টায় বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।
ওই ভিডিওতে দেখা যায়, সিডিএ এভিনিউ সড়কের এক পাশে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মিছিল করছেন এবং অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
আরও পড়ুন : পাহাড়তলীতে পুলিশের জালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে নগর পুলিশের বায়েজিদ বোস্তামী অঞ্চলের সহকারী কমিশনার মো. রকিবুল হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, জিইসি এলাকায় সকালে একটি মিছিল হয়েছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হঠাৎ ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
এরপর ১৮ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, জামালখান এলাকায় রাত সাড়ে ১২টার দিকে ৩০ থেকে ৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী ঝটিকা মিছিল করে। পাঁচদিন পর ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।
জেজে/আরবি


