কর্ণফুলীতে সংঘর্ষে রক্তাক্ত ৪, মামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর ৫ জনের নামে থানায় মামলা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইছানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন— এসএম ফয়সালের ছেলে শেখ মোহাম্মদ নেওয়াজ (১৬), ফয়সালের ভাতিজা সিরাজুল মনির (২০), প্রতিপক্ষের মৃত হাছান আলীর ছেলে সালাউদ্দিন (৪০) এবং আব্বাস উদ্দিন (৩৫)।

এদিকে এ ঘটনায় এসএম ফয়সাল বাদী হয়ে কর্ণফুলী থানায় ৫ জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

আসামিরা হলেন— মৃত হাছান আলীর ছেলে আব্বাস উদ্দিন (২৬), সাহাব উদ্দিন (৪৮), নুর উদ্দিন (৪৬), সালাউদ্দিন (৪৩) ও সাহাব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান ওরফে আসিফ (২০)।

আরও পড়ুন : বাকলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে রক্তাক্ত ৫

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিবাদীরা এসএম ফয়সালের দখলীয় জায়গায় প্রবেশ করে বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে এবং শ্রমিকদের মারধর করে ৫০ হাজার টাকার নির্মাণসামগ্রী নষ্ট করে। এসময় বাধা দিতে গেলে শেখ মো. নেওয়াজ ও সিরাজুল মনিরের মাথায় কিরিচ দিয়ে কোপ মারে এবং বাদী ফয়সালকে মারধর ও তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়। এছাড়া আসামিরা ফয়সালকে মামলা তুলে নিতে হুমকি দেয়।

এ বিষয়ে মামলার বাদী এসএম ফয়সাল বলেন, ২০১৩ সালে তার ভাই মহিউদ্দিন জাহাঙ্গীরকে খুন করেছিল প্রতিপক্ষ। ওই ঘটনায় তিনি ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলা তুলে নিতেই প্রতিপক্ষ বারবার তাদের ওপর হামলা চালাচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্বাস উদ্দিনের বড় ভাই শামসুদ্দিন বলেন, ফয়সালরা জোরপূর্বক জমি দখল করতে চাইলে এ সংঘর্ষ বাধে। আমার দুভাই হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি পক্ষ মামলা করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm