মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিহত হয়েছেন পিকআপ চালক ও সহকারী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার ঢাকামুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালকের নাম ওসমান গনি (৫০)। তিনি চট্টগ্রাম নগরের বকশিরহাট এলাকার বাসিন্দা। তবে চালকের সহকারীর পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন : চকরিয়ায় দুধের শিশুসহ লাশ মা, রক্তাক্ত ১৪
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশে একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-ব ১৩-১৯৩৬) সামনে থাকা ঢাকামুখী মাছ পরিবহনের একটি পিকআপ (চট্ট- মেট্টো-ন ১১-২৭৭২) গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় পিকআপ চালক ও চালকের সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক ওসমান গনিকে মৃত ঘোষণা করেন। চালকের সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় পিকআপ চালক ওসমান গনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পথেই মারা যায়। চালকের সহকারী চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এএ/আরবি


