১৯ মামলা কাঁধে নিয়ে ৮ বছর লুকিয়ে ছিল জীবন

অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, ডাকাতিসহ ১৯টি মামলার আসামি তিনি। বেশ কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। এভাবে কৌশলে লুকিয়ে ছিলেন ৮ বছর। তবে শেষ পর্যন্ত ধরা তাঁকে পড়তেই হলো। পলাতক সেই আসামি আমির হোসেন প্রকাশ জীবনকে (২৯) গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড থানার ফকিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির হোসেন নগরের হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর পাড় এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

এদিকে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

র‌্যাব জানায়, নগরের হালিশহর থানার মামলা নম্বর-৬(৭)২০১৬, জি আর-১২৯/২০১৬, ধারা-মাদক ১৯(১)এর ৯(খ) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আমির হোসেন প্রকাশ জীবন সীতাকুণ্ড থানার ফকিরহাট এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং নগরের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, ডাকাতিসহ মোট ১৯টি মামলা রয়েছে।

গ্রেপ্তার জীবনকে জিজ্ঞাসাবাদে তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেন। এছাড়া গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানান। পরে তাঁকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৭।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm