অবশেষে বরখাস্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সড়কবাতি নেভানো প্রকৌশলী ঝুলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সড়কবাতি নেভানোকাণ্ডে অভিযুক্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপবিভাগের নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশকে অবশেষে চাকরি থেকে অপসারণ (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ৯০ দিনের বেতন পাবেন তিনি।

রোববার (১৫ ডিসেম্বর) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে অপসারণ করা হয়।

আদেশে বলা হয়েছে, চসিকের কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর ৬৪(২) ধারা প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থে প্রকৈাশলী ঝুলন কুমার দাশকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। আগামী ১৫ ডিসেম্বর হতে এ আদেশ কার্যকর হবে।

এর আগে ছাত্রদের আন্দোলন চলাকালে সড়কবাতি বন্ধের অভিযোগ তুলে প্রকৌশলী ঝুলন কুমার দাশের পদত্যাগ দাবিতে গত ১৩ আগস্ট চসিক কার্যালয় ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে পরদিন ১৪ আগস্ট ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্ত করে চসিক। এছাড়া বিদ্যুৎকাণ্ডের ঘটনার তদন্তে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার, প্রয়োজনে দেশের বাইরেও পাঠাবে 

এরপর ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক আদেশে ‘বরখাস্তাদেশ’ মাথায় নিয়ে রংপুর সিটি করপোরেশনে বদলি করা হয় তাঁকে। পরে ২৯ সেপ্টেম্বর চসিক থেকে ‘মুক্ত’ হয়ে নতুন কর্মস্থল রংপুর সিটি করপোরেশনে যোগ দেন তিনি।

এদিকে গত ১৫ অক্টোবর বিদ্যুৎকাণ্ডে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে ঝুলন দাশের সম্পৃক্ততা আছে উল্লেখ করে তিনটি সুপারিশ করা হয়।

অন্যদিকে গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অপর এক আদেশে প্রকৌশলী ঝুলন দাশকে রংপুর সিটি করপোরেশন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনে বদলি করা হয়। পৃথক আরেকটি আদেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ।

বদলি আদেশ পেয়ে ঝুলন দাশের যোগদান নিয়ে হার্ডলাইনে থাকার ঘোষণা দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। চসিকে বিতর্কিত প্রকৌশলী ঝুলন দাশকে কোনোভাবেই গ্রহণ করবেন না বলে গণমাধ্যমকে জানান তিনি।

এরপর ১২ ডিসেম্বর তাঁকে চসিকে যোগদান করানো হলেও দেওয়া হয়নি কোনো দায়িত্ব। তখন চসিকের পক্ষ থেকে জানানো হয়েছিল, চসিকে ঝুলন দাশের যোগদানকে ‘শাস্তি’ হিসেবে ধরা হয়েছে।

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেছিলেন, ঝুলন বাবুর নিয়োগ চসিক থেকে। তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে চসিককেই নিতে হবে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm