চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে শহীদুল্লাহ প্রকাশ লেদু মিয়া (৬০) নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) ভোরে অভিযুক্ত লেদুকে খইয়াছাড়া ইউনিয়নের নিজতালুক গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই কিশোরীর বোন বাদি হয়ে মিরসরাই থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।
আরও পড়ুন : বোনের সঙ্গে ঝগড়া করে হারপিক খেয়ে মৃত্যুর পথে গেল কিশোরী
ভুক্তভোগী কিশোরীর বোন অভিযোগ করেন, তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। কয়েক বছর ধরে খইয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের একটি ভাড়া বাসায় থাকেন। স্থানীয় শহীদুল্লাহ প্রকাশ লেদু মিয়া নামে এক ব্যক্তি বিভিন্ন সময় নানা অজুহাতে তাদের বাড়িতে আসা-যাওয়া শুরু করে। গত ১৩ জুলাই বাড়িতে কেউ না থাকার সুযোগে লেদু মিয়া তাদের ঘরে ঢুকে তার বোনকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না জানাতে ভয় দেখায়। তার বোনও ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে গোপন রাখে। গত ২০ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তারি পরীক্ষায় সে প্রেগন্যান্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে।
একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিসহ লোকজনকে জানালে তারা থানায় অভিযোগের পরামর্শ দেন। শনিবার থানায় এসে অভিযোগ করলে মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. আল আমিন রোববার ভোরে অভিযুক্ত লেদু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্ত শহীদুল্লাহ প্রকাশ লেদু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আজ (৪ সেপ্টেম্বর) তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এএ/এসআর


