৯ ঘণ্টা পর তোলা হলো চাপা পড়া লাশ, সকালে আবার মৃত্যু

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে (৬৫) নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন।

এর আগে রোববার (২২ জুন) রাত ১২টায় মহাসড়কের জামালের দোকান এলাকায় দুর্ঘটনাকবলিত তেলের ভাউচারে গাড়ির নিচ থেকে হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রদীপ কুমার দে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। বারইয়ারহাট পৌরবাজারের রিয়া টি স্টোর নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আরও পড়ুন : সাতসকালে ২ যুবককে লাশ বানিয়ে পালিয়ে গেল চালক

হাবিব উল্লাহ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা ।

জানা গেছে, রোববার বিকেলে মহাসড়কের জামালের দোকান এলাকায় রাস্তার সংস্কার কাজে থাকা রোলারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি তেলের ট্যাঙ্কার। এ সময় ট্যাঙ্কারের ইঞ্জিনে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে ঘটনার পর ট্যাঙ্কার চালক পালিয়ে যায়। তখন থেকে রোলার চালক নিখোঁজ। পরে ৯ ঘণ্টা পর রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে ক্রেন দিয়ে ট্যাংকার তোলা হলে নিচ থেকে চালক হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, ট্যাংকারের নিচ থেকে রোলার চালক হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।

এএসআই আরও বলেন, আজ সকালে বারইয়ারহাট পৌর সদরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ যাওয়ার আগে পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm