আনোয়ারা ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) শ্রমিক-কর্মচারীরা।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকে ‘চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ সর্বস্তরের শ্রমিক কর্মচারীবৃন্দ’ ব্যানারে এসব আয়োজন করা হয়।
সিবিএর আইন সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা, সিবিএ নেতা আরিফুর রহমান, জালাল আহমেদ ও সাকিব আরমান।
এ সময় বক্তারা ৫ দফা— এক করপোরেশন এক স্কেল, সিইউএফএলে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ নিশ্চিতকরণ, পে কমিশনভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি কমিশনভুক্তদের ৫% প্রণোদনা এরিয়াসহ ও ১৫% বিশেষ সুবিধা দ্রুত কার্যকর করা, শ্রমিক কর্মচারীদের দ্রুত প্রমোশন, উচ্চতর গ্রেড ও লাম্পগ্রান্ট বাস্তবায়ন করাসহ জরুরি ভিত্তিতে ডিপিপি বাস্তবায়নে দাবি জানান।
এদিকে মানববন্ধনে আসেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। তিনি শ্রমিক-কর্মচারীদের দাবির সঙ্গে সহমত পোষণ করে বলেন, শ্রমিক-কর্মচারীদের এসব দাবি-দাওয়া শতভাগ যৌক্তিক। শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রাণ। তারা যদি সন্তুষ্ট না থাকে তাহলে কারখানা ভালোভাবে চলতে পারবে না। তাই শ্রমিকদের এসব দাবি-দাওয়া আমি কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়েজনীয় ব্যবস্থা নিতে ভূমিকা পালন করবো।
মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীদরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সিইউএফএল কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে।
কেএস/আলোকিত চট্টগ্রাম

