চট্টগ্রামে উদ্ধার হয়েছে অপহরণ হওয়া তিন ব্যক্তি। ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে চার অপহরণকারী।
রোববার (২৬ জানুয়ারি) সিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের উপকমিশনার মো. রইছ উদ্দিন।
উদ্ধার হওয়ারা হলেন— সমীর দাশ (৪৫), কেশব মিত্র দাশ (৪৩) ও রুবেল রুদ্র (৪২)।
আরও পড়ুন : যেভাবে অপহরণকারীর ডেরা থেকে ফিরে এল স্কুলছাত্র
গ্রেপ্তার অপহরণকারীরা হলেন— বাছির আহম্মদ ওরফে রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪) ও মো. ইমন ওরফে সাদ্দাম (২৩)।
উপকমিশনার মো. রইছ উদ্দিন বলেন, শনিবার (২৫ জানুয়ারি) পৌনে ৮টার দিকে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ পলিটেকনিক মোড় এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এসয় আরও ৭-৮ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১০টি বড় ধারালো কিরিচ, একটি ড্রেগার, একটি চাকু এবং পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে অপহরণকারীরা প্রথমে রুবেল রুদ্রকে, এরপর সমীর দাশ এবং বিকেলে কেশব মিত্র দাশকে হিলভিউ এলাকার লন্ড্রির দোকান ও রাস্তা থেকে অপহরণ করে। অপহরণের পর তাদের নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় এবং পরে শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনে বাগানে নিয়ে মারধর করে। এরপর মুক্তিপণ হিসেবে ৯ লাখ টাকা দাবি করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেজে/আরবি


