হালদায় শুধু ভাসে মরা ডলফিন, এ নিয়ে ৪৪

হালদায় শুধু ভাসে মরা ডলফিন। কোনোভাবেই থামানো যাচ্ছে না ডলফিনের এ মৃত্যুর মিছিল।

হালদা নদী থেকে আজ (৫ ফেব্রুয়ারি) ফের উদ্ধার করা হয়েছে ১২ কেজির একটি মৃত ডলফিন। এ নিয়ে ৪৪টি মৃত ডলফিন মিলল হালদা থেকে।

আজ হালদা নদীর রাউজান অংশের বিনাজুরি ইউনিয়নের (আইডিএফ) স্টেশন সংলগ্ন স্থানে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট এবং প্রস্থ ২৮ ইঞ্চি। পরে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়।

আরও পড়ুন : কী কারণে হালদায় মরছে মাছ—ডলফিন

এদিকে পরে খবর পেয়ে রাউজান উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ ও ডলফিনটির মৃত্যুর কারণ অনুসন্ধান করেন। মৃত ডলফিনটির গায়ে কয়েকটি আঘাতের চিহ্নও দেখা গেছে।

মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাউজানের হালদা নদী থেকে ৪৪টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ বুধবার ভাটার সময় সিপাহীঘাট এলাকার হালদা নদী থেকে একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি এবং ওজন ১২ কেজি। ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ নিয়ে হালদা থেকে মৃত ডলফিনের সংখ্যা ৪৪টি।

প্রসঙ্গত, গেল বছরের ১২ ডিসেম্বর হালদা নদীর আজিমারঘাট থেকে ৪৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ছিল ৪৫ ইঞ্চি এবং ওজন ১৩ দশমিক ৩৯ কেজি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm