চট্টগ্রামে মৎস্য অভয়ারণ্য ও প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে হালদা নদীতে টানা দুদিনের অভিযানে জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার ঘেরা জাল। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হাটহাজারী উপজেলার রামদাস হাট নৌ পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে জালগুলো ধ্বংস করা হয়।
আরও পড়ুন : আনোয়ারায় সকালের অভিযানে মিলল চরঘেরা জাল
উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, গত ১৩ ও ১৪ জানুয়ারি টানা দুদিন হালদা নদীর কচুখাইন থেকে নাঙলমোড়া পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্পট থেকে জালগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন ও নৌ পুলিশের উপপরিদর্শক মো. রমজান আলীসহ মৎস্য দপ্তরের কর্মচারী ও নৌ পুলিশ সদস্যরা।
এ বিষয়ে রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, হালদার মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চালিয়ে বিভিন্ন স্পট থেকে প্রায় ৫ হাজার মিটারের ১৩টি চরঘেরা জাল উদ্ধার করি। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসএ/আরবি

