চট্টগ্রামের হাজারী গলি এলাকার অনাকাঙ্খিত ঘটনা নিয়ে নিরীহ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখাসহ দেশের সমুজ্জ্বল ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সরকারসহ সর্বমহলের ঐকান্তিক সহযোগিতা কামনা করে বিবৃতি দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।
বুধবার (৬ নভেম্বর) ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ও ইসকন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে ঐক্য পরিষদ আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন ইসকন’র ভাবমূর্তি ক্ষুণ্ণের মাধ্যমে হিন্দু ধর্মীয় জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাতজনিত ফেসবুক পোস্ট ও এর শেয়ারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পরিষদ একইসঙ্গে একে কেন্দ্র করে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন হাজারী গলি এলাকায় সংঘটিত হামলা, ভাঙচুরসহ অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার এবং যেকোনো ধরনের বিভ্রান্তিরকর তথ্য প্রবাহ রোধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে। নিরীহ জনসাধারণ যাতে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হয় সে ব্যাপারেও সরকার ও প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে পরিষদ।
আরও পড়ুন : হাজারী গলিতে অভিযান নিয়ে যা জানাল সেনাবাহিনী—পুলিশ
এদিকে ইসকনের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং স্পষ্টভাবে জানাতে চাই যে, ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও মানবকল্যাণে নিবেদিত।
বিবৃতিতে বলা হয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর সর্বজীবে দয়া, প্রেম, সেবা ও অহিংস নীতির বাণী অবলম্বন করে ইসকন বাংলাদেশ কৃষ্ণভাবনামৃত প্রচার করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ঈশ্বরের সৃষ্টি এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনই আমাদের নীতি। এজন্য ইসকন দুর্যোগকালে আর্তজনের মধ্যে উদারতার সঙ্গে ত্রাণকার্য ও সামাজিক সহায়তা পরিচালনা করে আসছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় সংঘটিত হামলা-ভাঙচুরসহ অনাকাঙ্ক্ষিত ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব ঘটনার সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অবাঞ্ছিত ঘটনা রোধে পর্যাপ্ত সময় পূর্বে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকার ও প্রশাসনকে সবিশেষ অনুরোধ জানাচ্ছি এবং সেইসঙ্গে নিরীহ জনসাধারণ যেন কোনো হয়রানির সম্মুখীন না হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। সরকারের প্রতি আমাদের বিশেষ আহ্বান, তারা যেন যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করেন এবং যেকোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রবাহ রোধে ব্যবস্থা গ্রহণ করেন। ইসকন বাংলাদেশের সমুজ্জ্বল ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সরকারসহ সর্বমহলের ঐকান্তিক সহযোগিতা আমরা প্রার্থনা করছি।
আলোকিত চট্টগ্রাম


