মেয়ের বিয়ের জন্য বাড়িতে টাকা পাঠাতে কর্মস্থল থেকে বের হয়ে এক্সেচেঞ্জ অফিসে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে আলী হোসেন (৫২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে সংযুক্ত আরব আমিরাতের হামিম এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
প্রবাসী আলী হোসেন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হামিদ আলী ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল মালেকের ছোট ছেলে।
আরও পড়ুন: হঠাৎ মৃত্যু—হাসপাতালে এসেও বাঁচতে পারল না ‘মায়া’
আলী হোসেনের ভাতিজা মো. জহির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার চাচাতো বোন রেশমার বিয়ের কথা চলছিল। শনিবার বিয়ের জন্য টাকা পাঠাতে বের হয়ে পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বদর জায়েদ হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর লাশ বাড়িতে আনা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলী হোসেন দীর্ঘ ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সাইফুল ইসলাম বলেন, আলী হোসেনের লাশ বাড়িতে পাঠানোর জন্য সমিতির পক্ষ থেকে প্রক্রিয়া চলছে। দেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র এখানে আসার পর লাশ দেশের বাড়িতে পাঠানো হবে।


