ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ (১২ মার্চ)। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে সকাল ১১টা ৫মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অধিবেশন শুরু হয়।
এর আগে জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য (ভোলা–৩) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
এদিকে স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাতেই উত্তপ্ত হয়ে উঠে সংসদ। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। যেখানে লেখা ছিল— ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’; এমন নানা স্লোগান। এ সময় স্পিকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
সংসদে হইচই চললেও রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে ঢুকে স্পিকারের পাশে বসেন। হইচই চলতেই থাকে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যদের। এর মধ্যেই বক্তব্য শুরু করে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়ালেও ওয়াক আউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
আলোকিত চট্টগ্রাম


