কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকটি বিশাল আকারের গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, পাশাপাশি লাগোয়া উত্তর হারবাং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন স্থানীয় বখাটেদের দিয়ে দিনদুপুরে গাছগুলো কেটে নিয়ে গেছে। ঘটনাটি দেখলেও প্রতিবাদ করার সাহস পাইনি সরকারি ওই বিদ্যালয়ের শিক্ষকরা।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া চকরিয়া উপজেলার উত্তর হারবাং লালব্রিজের অনতিদূরে উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থেকে গাছগুলো কেটে নেওয়া হয়। উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ বিদ্যালয়ের জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৭ অক্টোবর) স্কুলটাইমে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি স্কুলের অফিসে ওয়াইফাই লাগানোর কাজে ব্যস্ত ছিলাম। পরে জানতে পারি দুপুরের দিকে লোকজন লাগিয়ে দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের উত্তর অংশের জায়গা থেকে চারটি ফুলগাছ ও ম্যালেরিয়া গাছ কেটে নিয়ে যায় পাশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন।
প্রধান শিক্ষক ফরিদ আহমদ বলেন, স্কুলের জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়টি চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, সরকারি প্রাইমারি স্কুলের জায়গা থেকে গাছগুলো কাটার সময় সেখানে বখাটে টাইপের কিছু লোক ছিল। তাই ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ করার সাহস করেনি।
অপরদিকে অভিযোগ অস্বীকার করেন উত্তর হারবাং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন। তিনি বলেন, গাছগুলো আমি কাটিনি, কেটে নিয়ে গেছে ম্যানেজিং কমিটির সদস্যরা। বিদ্যালয়ের আসবাবপত্র সংকটের কারণে গাছগুলো কেটে বিক্রি করে কাজ করা হয়েছে।
আরও গাছ কাটা হবে উল্লেখ করে প্রধান শিক্ষক বেলাল উদ্দিন বলেন, এসব গাছ কাটার জন্য ম্যানেজিং কমিটির রেজোল্যুশন রয়েছে।
প্রতিবেদকের কাছে পাঠানো রেজোল্যুশনে দেখা যায়, চলতি বছরের ১৯ জানুয়ারি এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচ্য বিষয়ের মধ্যে স্কুলের গাছ নিলামের বিষয়টি লেখা থাকলেও গাছ কাটার বিষয়ে কোনো অনুমোদন দেওয়া হয়নি।
তবে প্রধান শিক্ষক বেলাল উদ্দিনের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থেকে কোনো গাছ কাটা হয়নি। উত্তর হারবাং মাধ্যমিক বিদ্যালয়ের জায়গা থেকেই গাছগুলো কাটা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর আলোকিত চট্টগ্রামকে বলেন, উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থেকে চারটি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি প্রধান শিক্ষক জানিয়েছেন। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।
যোগাযোগ করা হলে চকরিয়া ইউএনও শাহীন দেলোয়ার আলোকিত চট্টগ্রামকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা থেকে গাছ কাটা ও নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


