কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে ৬টি দোকান ও ১৪টি বসতঘর ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার (১০মার্চ) সকালে ও দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়ন ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নে পৃথক এই আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ ভোরে বদরখালী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মুহূর্তে পুড়ে যায় ছয়টি দোকান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ৬টি দোকান পুড়ে যায়।
আরও পড়ুন : রাউজানে গ্যাসের সিলিন্ডারের আগুনে দগ্ধ ৩, পুড়ল ৭ ঘর
এদিকে একইদিন দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কাসিম সিকদারপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে একটি বসতঘরে আগুন লাগে। এসময় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয় ১৪টি বসতঘর। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট স্থানীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আতিকুর রহমান। তিনি আগুনে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক কিছু সরঞ্জাম দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার আবু জাফর আলাকিত চট্টগ্রামকে বলেন, আজ ভোরে বদরখালী বাজারে ও দুপুরের দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাসিম সিকদারপাড়ায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এমকেডি/আরবি

