৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ধরা পড়েছেন পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য শফিউল বশর (৩২)।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা সেনা ক্যাম্প ও আনোয়ারা থানা পুলিশের যৌথ টিম তাকে আটক করে।
আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় অভিযানে তাকে আটক করা হয়। আটক ইউপি সদস্য শফিউল বশর পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পূর্ব কোলাগাঁও ১নং ওয়ার্ডের নলান্দা গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় একটি চক্র ইয়াবা বেচাকেনা করছে— এমন তথ্যের ভিত্তিতে আনোয়ারা থানার একটি টিম ওই এলাকায় অবস্থান নেয়। সোমবার (২৪ নভেম্বর) সকালে কালাবিবি দিঘীর মোড় এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে শফিউলকে আটক করা হয়। পরে তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে দুটি সাদা পলিথিনে মোড়ানো ১ হাজার ৭৭৫ পিস করে মোট ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে মাদক বেচার ৭ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
যোগাযোগ করা হলে আনোয়ারা থানা পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, ইউপি সদস্য শফিউল বশর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আমরা মনে করছি, সে একটি বড় চক্রের সক্রিয় সদস্য। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ১০ লাখ ৬৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার উৎস শনাক্তে তদন্ত চলছে। প্রয়োজনে অন্যান্য এলাকাতেও অভিযান চালানো হবে। আটক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেএ/আলোকিত চট্টগ্রাম


