চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা গাড়ির সঙ্গে মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (১৮ জুুন) বেলা সাড়ে বারোটায় বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন : ৬ বন্ধুর একজন চিরতরে হারিয়ে গেল কক্সবাজারে
নিহতের নাম মো. তাইয়্যেব (২৮)। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া পেন্ডাইরপাড়ার সিরাজ মিয়ার ছেলে। আহতরা একই এলাকার মো. শাওন (২৫) ও চকরিয়ার বরইতলী ইউনিয়নের মো. রাকিব (২৪)।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঈদের ছুটিতে লোহাগাড়ার পদুয়া থেকে বেড়াতে আসা তিনজন মোটরসাইকেলে ঘুরতে বের হন। বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি সড়কে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন আহত হন।
ওসি আরও বলেন, আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চমেক হাসপাতালে পাঠান হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডি/আরবি


