লোহাগাড়ায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহত দুজনই বাইক আরোহী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া (২নং ওয়ার্ড) এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) এবং একই থানার শাহারপাড়া পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দীন (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের (চট্ট মেট্রো ন ১২-০১০৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হয়। আরেকজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্তব্যরত চিকিৎসক আবু আদনান মো. সাঈদী জানান, স্থানীয় ও পুলিশ তৌহিদ নামের একজনের মরদেহ এবং মাহি নামের একজনকে গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মাহির অবস্থা অবনতি হলে চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়।
এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস/আলোকিত চট্টগ্রাম


