লোহাগাড়ায় ইটভাটায় হঠাৎ অভিযান, দিনজুড়ে ‘বড়’ জরিমানা

লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় হঠাৎ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়। অভিযানে আদায় হয়েছে ‘বড়’ জরিমানা।

বুধবার (১ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় লোহাগাড়া উপজেলায় দিনজুড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পাঁচটি  ইটভাটার মালিককে ৫ মামলায় ৩০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রত্যেক মালিককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকসের মালিক জসিম উদ্দিন, মাইজবিলা আবাসন এলাকার মেসার্স বিসমিল্লাহ  ব্রিকসের মালিক মো. গিয়াস উদ্দিন, চরম্বা নোয়ারবিলা রহমানিয়া ব্রিকসের মালিক নাছির উদ্দিন, চরম্বা রাজঘাটা এলাকার মেসার্স ইসলাম ব্রিকসের মালিক মফিজুর রহমান এবং চরম্বা রাজঘাটা এলাকার মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসের মালিক নুরুল আলম বাহাদুরের কাছ থেকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। তৎক্ষণাৎ জরিমানার ৩০ লাখ টাকা আদায়ও করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মু. মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন। এতে সহায়তা করে র‍্যাব-৭, লোহাগাড়া থানা পুলিশ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ ও চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যরা।

এছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লোহাগাড়া স্টেশনের সদস্যরা।

জনস্বার্থে এমন অভিযান আরও চালানো হবে বলে জানান পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm