চট্টগ্রামে লবণ মাঠ দখলকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টায় বাঁশখালীর সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চমেকে পাঠানোরা হলেন— আবু জালেকের ছেলে মো. ফোরকান (৩০), মৃত নাছু মিয়ার ছেলে জমির উদ্দিন (৫০), মৃত আমিরুজ্জামানের ছেলে নুর হোসাইন (৩৫) এবং মৃত বদিউল আলমের ছেলে মাহিম (১৮)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন : গভীর রাতে সংঘর্ষে বিএনপি, ছুড়ল গুলি—পুড়ল মোটরসাইকেল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুস্মিতা চৌধুরী বলেন, হাসপাতালে গুলিবিদ্ধদের মধ্যে গুরুতর ৪ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উত্তর সরল গ্রামে লবণ মাঠ দখল নিয়ে কবির গ্রুপ ও মনছুর গ্রপের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে কবির গ্রুপের লোকজন অতর্কিত বন্দুক নিয়ে মনছুর গ্রুপের লোকজনের ওপর লবণ মাঠে কাজ করার সময় হামলা করে। হামলায় গুলিবিদ্ধ প্রত্যেকে মনছুর গ্রুপের লোকজন।
এদিকে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
যোগাযোগ করা হলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, সরলের লবণ মাঠ নিয়ে কবির গ্রুপ ও মনছুর গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইউবি/আরবি


