রাউজানে গভীর রাতে লাগা আগুনে পুড়েছে তিনটি বসতঘর। এসময় ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন এক যুবক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (২৬ মে) রাত পৌনে ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখীল জামতল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে তিন পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
আরও পড়ুন : রাউজানে দিনদুপুরে বেপরোয়া ট্রাক দুমড়েমুচড়ে দিল অটোরিকশা, রক্তাক্ত ৪
আহত যুবক হলেন রমজান আলী ওরফে ইলিয়াস (৪৫)। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— একই এলাকার রমজান আলী ওরফে ইলিয়াস, জমির উদ্দিন ও আমেনা বেগম।
এদিকে রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান ঘটনাস্থল যান। তিনি সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা দেন। এছাড়া ব্যক্তিগতভাবেও অর্থ সহায়তা দেন মেয়র।
বিষয়টি নিশ্চিত করে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও তিনটি বসতঘর পুড়ে যায়। এসময় এক যুবক আহত হন।
এসএ/আরবি


