রাউজানে বেপরোয়া অটোরিকশা স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে পড়ে গেল খাদে

রাউজানে বেপরোয়া গতির নিবন্ধনবিহীন অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। পরে গাড়িটি খাদে পড়লে চালকসহ ৫ যাত্রী আহত হন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

আহত স্কুলছাত্রীর নাম তানজিনা হামিদ (১৪)। সে রাউজান উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের গর্জা-গণিরপাড়া গ্রামের প্রবাসী আব্দুল হামিদের মেয়ে এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তবে আহত ৫ অটোরিকশা যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘নতুন ফাঁদে’ ছিনতাই, পানিতে নেশা মিশিয়ে অটোরিকশা নিয়ে উধাও

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকালে স্কুলে যেতে রাস্তা পার হচ্ছিল তানজিনা। এসময় কাপ্তাই রাস্তার মাথাগামী একটি নিবন্ধনহীন অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পাঁচ যাত্রীসহ পাশের খাদে পড়ে । এসময় যাত্রী ও চালক আহত হন।

নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. জানে আলম বলেন, আহত স্কুলছাত্রী স্কুলে আসার পথে অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, সড়কে অটোরিকশাগুলো বেপরোয়া গতিতে চলে। এতে প্রায়সময় দুর্ঘটনার শিকার হয় স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা।

এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. জয়নাল আবেদীন আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার পর অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm