রাউজানে এবার নারী গুলিবিদ্ধ

রাউজানে জাহানারা বেগম নামে (৪৫) এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৫ মে) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারী ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।

জাহানারা বেগম জানান, সোমবার ভোরে তাঁর ঘরে ১০-১২ জনের একদল ডাকাত ঢুকে পড়ে। টের পাওয়ার পর ডাকাতরা তাঁর পায়ের গুলি করে কোনো মালামাল লুট ছাড়াই পালিয়ে যায়।

এদিকে গুলিবিদ্ধ জাহানারাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, জাহানারার স্বামী লোকমানও অপরাধ জগতের মানুষ। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

যোগাযোগ করা হলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর দাবি, ডাকাতি করতে ১০-১২ জন তাঁর ঘরে প্রবেশ করেছিল। তিনি নারী টের পাওয়ায় গুলি করে ডাকাতরা পালিয়ে গেছে।

দৃষ্টি আকর্ষণ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, রাউজানে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এটি রহস্যজনক মনে হচ্ছে। তাঁর স্বামী ভালো না। ওর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। কী কারণে এ ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm