রাউজানে এবার ডেকে নিয়ে যুবক খুন

রাউজানে বাড়ছে খুনের ঘটনা। এবার রাতের আঁধারে মুহাম্মদ হাসান (৩৫) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। তবে অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। একের পর এক হত্যা ও হামলার ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কে জীবনযাপন করছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকার আহম্মদ হোসেন মেম্বারের বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ হাসান উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকার আহম্মদ হোসেন মেম্বারের বাড়ির বজল আহম্মদের ছেলে। পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ।

আরও পড়ুন : রাউজানে দিনদুপুরে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা, অবস্থা আশঙ্কাজনক

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে হাসানকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে বাড়ির অদূরে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথের হাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন ।

এর আগে গত ২৪ জানুয়ারি (শুক্রবার) দুপুরে নোয়াপাড়া নিরামিশ পাড়ার বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাড়ি থেকে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় প্রকাশ্য দিবালোকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।

আরও পড়ুন : রাউজানে রাতের আঁধারে যুবদল নেতাকে গুলি করল সন্ত্রাসীরা

এছাড়া গত ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১ টায় পূর্ব গুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা আদ্যাপিঠ মন্দিরের পুকুরের ঘাট নির্মাণকাজ তদারকি করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন সাবেক ছাত্রদল নেতা পোয়ার মো. চৌধুরী বাবু। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ।

এসব বিষয়ে জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) বশিরুল আলম ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, হাসান নিহতের ঘটনায় পরিবার থেকে এখনও অভিযোগ ও মামলা করা হয়নি । তবে পুলিশ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও সাবেক ছাত্রদল নেতা বাবুর ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm