রাঙামাটিতে মো. দিদারুল আলম রিংকু (৪০) নামে রাউজানের এক যুবদলকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম লুঙ্গিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত দিদারুল আলম রিংকু কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া গ্রামের কবির আহমেদ মিয়াজির বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
আরও পড়ুন : কর্ণফুলীতে রাস্তায় পড়ে ছিল যুবকের লাশ
গত ৬ জুলাই দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউনিয়ন যুবদল নেতা সেলিমের সহযোগী হিসেবে তিনি এলাকায় পরিচিত।
নিহতের ভাই মো. শফিকুল ইসলাম বলেন, গত বুধবার রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে একটি কুলখানির মেজবানে গিয়েছিল রিংকু। পরে রাত ১০টার দিকে স্ত্রীকে ফোন করে জানায় তার মোবাইল ঘণ্টাখানেক বন্ধ থাকবে। এরপর থেকে তার মোবাইল আর চালু হয়নি, ঘরেও ফিরেনি। আজ দুপুরে খবর আসে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
তিনি বলেন, গত ৬ জুলাই ঈশান ভট্টের হাটে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিমের সঙ্গে আমার ভাই মাঝেমধ্যে চলাফেরা করতেন।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মরদেহের মুখে ফেনা ছিল। মাদকের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএ/আরবি

