পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এ সংস্থাটি।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের প্রায় সকল মসজিদে পবিত্র রমজান মাসে খতম তারাবিহতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াতের রেওয়াজ চালু থাকলেও বিভিন্ন মসজিদে এর ভিন্নতা দেখা যায়। এ কারণে এ মাসে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না।
আরও পড়ুন: রমজানে নতুন নিয়মে চলবে ব্যাংক
সংস্থাটি আরও জানায়, দেশের সকল মসজিদে খতম তারাবিহ’র সময় রমজান মাসের প্রথম ৬ দিন কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা এবং বাকি ২১ দিন ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াতের মাধ্যমে এই ধরণের পরিস্থিতি নিরসন সম্ভব। একই পদ্ধতি অনুসরণের মাধ্যমে ২৬ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে দেশের সকল মসজিদে একযোগে কোরআন খতম করা সম্ভব হবে।
এ পদ্ধতিতে খতমে তারাবিহ পড়া হলে রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী ধর্মপ্রাণ মুসলমানরা দেশের যে কোনো মসজিদে তারাবিহ নামাজ আদায় করতে পারবেন। তাই দেশের সকল মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি ও সংশ্লিষ্টদের প্রতি অভিন্ন নিয়মে খতমে তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রসঙ্গত, চলতি বছরের শাবান মাস ২৯ দিনের হলে আগামীকাল বুধবার (২২ মার্চ) ভোর রাতে সাহরি খাওয়ার মাধ্যমে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশে প্রথম রোজা হবে। আবার এবারের শাবান মাস যদি ৩০ দিনের হয় সেক্ষেত্রে বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খাওয়ার মাধ্যমে আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা শুরু হবে।


