সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখা (শাখা কোড ০১২৫১১৮৪) ও এরিয়া অফিস সাতকানিয়ার (কোড ২২০১) শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, গভীর রাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একজনের ঘুম ভাঙলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান। তিনি বাইরে তাকালে নিচে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি চিৎকার করে অন্যদের সতর্ক করেন। তাঁর চিৎকারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক এলাকার লোকজন দ্রুত নিচে নেমে আসেন। পরে ব্যাংকের এরিয়া ম্যানেজার, প্রোগ্রাম অফিসারসহ আবাসিক এলাকার সবাই মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম আলোকিত চট্টগ্রামকে বলেন, এখনো ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বোতলজাতীয় কিছু একটা দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম

