যে কারণে ১৯ ঘণ্টা পর গ্রেপ্তার দেখানো হলো আওয়ামী লীগ নেতাকে

চট্টগ্রামের কর্ণফুলীতে মো. সেলিম (৩৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটকের ১৯ ঘণ্টা পর গ্রেপ্তার দেখিয়ে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. সেলিম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ওয়ার্ডের মনু সর্দার বাড়ির বাসিন্দা মো. সৈয়দের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে আওয়ামী লীগ—ছাত্রলীগের আরও ২৮ নেতাকর্মী গ্রেপ্তার

জানা যায়, সেলিমকে আটকের পর তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে পুলিশের মধ্যে সংশয় দেখা দেয়। এছাড়া নগরের কিছু ছাত্র তাঁর মুক্তির জন্য থানায় লবিং শুরু করে। আবার আরেকটি পক্ষ প্রমাণসহ দাবি তুলেন তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন।

পরে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, সেলিমকে গ্রেপ্তারের পর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm