যুবদল নেতা বাদশা বহিষ্কার

চট্টগ্রাম মহানগর বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে ভবিষ্যতে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে যুবদল কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে সাংবাদিককে যুবদল নেতা বাদশার হুমকি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এমদাদুল হক বাদশার প্রাথমিক সদস্য পদ বাতিল করে তাঁকে সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এমদাদুল হক বাদশা দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm