মুক্তি পাচ্ছেন না রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ মে) চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন এ আদেশ দেন।
খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে চেম্বার আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন যদি পানও তবু মুক্তি পাবেন না চিন্ময় ব্রহ্মচারী।
জানা যায়, রোববার (৪ মে) পুলিশ আলিফ হত্যা মামলায় চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। বিচারক আজ তা মঞ্জুর করেন। নিরাপত্তাজনিত কারণে চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। তবে তিনি জেল থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
চিন্ময় ব্রহ্মচারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি আলিফ হত্যা মামলা এবং বাকি তিনটি পুলিশের কাজে বাধা, বিচারপ্রার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে। আজ হত্যা মামলার শুনানি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বাকি তিন মামলার শুনানি মঙ্গলবার হবে।গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন আদালতে হাজিরের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। এ আদেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করে তাঁর অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা প্রিজন ভ্যান অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওই দিন সংঘর্ষের সময় লালদিঘী পাড়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। নিহত আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
জেজে/আরবি


