১৪৪ ধারা জারি করেও শান্ত করা যায়নি মিরসরাই। মিরসরাই উপজেলা ও দুপৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপে সংঘর্ষে লাশ হয়েছে যুবক। রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (২৬ মার্চ) সকালে বারইয়ারহাট পৌর বাজারে এ সংঘর্ষ ঘটে।
জানা যায়, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন ও সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় একে অপরকে দুষছেন উভয়পক্ষ।
নিহতরা নাম মো. জাবেদ (৪৫)। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— সুমন (৩৫) ফজলুল করিম (৪৩), জাহেদুল ইসলাম (৪২), শহিদুল ইসলাম (৫১), ওমর ফারুক (৩৫), দিদার (৩৭), আবু সুফিয়ান (৪০), ফাহিম (২২), এরশাদ (৪০), গোলাম মোর্শেদ (৪০), রাশেদ (৫০), দিদারুল আলম চৌধুরী (৪০) ও ইলয়াস (৫০)। এর মধ্যে সুমন, গোলাম মোর্শেদ, ইলিয়াস হোসেন ও রাশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২৪ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মিরসরাই উপজেলা, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পরপর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে।
মঙ্গলবার (২৫ মার্চ) কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত নেতাকর্মীরা।
আরও পড়ুন : বিএনপির ৩ আহ্বায়ক কমিটি নিয়ে উত্তপ্ত মিরসরাই, বিক্ষোভ অবরোধ হামলা
এদিকে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুগ্রুপের উত্তেজেনা নিয়ে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু এদিন বেলা ১২টার দিকে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এসময় দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল করতে থাকেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিলসহ বিএনপি নেতাকর্মীরা উপজেলা সদর ত্যাগ করেন। বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করলে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, আজ সকাল ১০টার দিকে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটনের বাড়ির সামনে নেতাকর্মীদের পথ অবরুদ্ধ করে হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। এরপর বেলা ১২টায় মিছিল সহকারে বারইয়ারহাট পৌর বাজারে প্রবেশ করলে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের লোকজন আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় জাবেদ নামে একজন পথচারী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও ৯ জন।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, আজ সকাল ১১টায় পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটনের বাড়ির সামনে বিএনপি নেতা মোজাম্মেল হোসেনসহ আমাদের নেতাকর্মীদের ওপর উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও মাঈন উদ্দিন লিটনের নেতৃত্বে হামলা করা হয়। স্বাধীনতা দিবসে বারইয়ারহাট ডিগ্রি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য নেতাকর্মীদের নিয়ে অবস্থান করার সময় রহাট রোডের মুখে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মো. জাবেদ নামে একজন পথচারী নিহত হন। সংঘর্ষে ১০-১৫ জন নেতাকর্মী আহত হন।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন বলেন, আজ সকালে দিদারুল আলম মিয়াজীর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এসময় ১০-১৫ জন আহত হন। হামলার পর দুপুরে তারা আমাদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজিয়া আফরিন বলেন, মো. জাবেদ নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া আরও ১০-১২ জনকে আহত অবস্থায় আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাব্বির মো. সেলিম আলোকিত চট্টগ্রামকে বলেন, বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে গত দুদিন ধরে উত্তেজনা চলে আসছে। আজ সকালে বারইয়ারহাট পৌরবাজারে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মো. জাবেদ নামে একজন নিহত হন। আহত হয়েছেন ৮-১০ জন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু আজ বেলা ১২টায় ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর প্রবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএ/আরবি

