মিরসরাইয়ে ছাদ থেকে পড়ে লাশ শিক্ষক

মিরসরাইয়ে নিজ ঘরের ছাদ থেকে পড়ে মাওলানা বাকী বিল্লাহ সাদেকী (৭৫) নামে এক শিক্ষক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাওলানা বাকী বিল্লাহ সাদেকী মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী এলাকার বাকি বিল্লাহ সাদেকী বাড়ির মাওলানা হাবিবুল্লাহর ছেলে। তিনি মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের সাবেক অধ্যাপক এবং সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের হযরত গফুর শাহ (র.) জামে মসজিদের খতিব ছিলেন। এছাড়া তিনি মাছরাঙা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার নাজমুজ সাদেকীর পিতা।

আরও পড়ুন : মাস্টারের বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে যুবক লাশ

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাওলানা বাকী বিল্লাহ সাদেকী বাজার থেকে প্লাস্টিক নিয়ে বাড়িতে আসেন। এরপর ঘরের ছাদে গিয়ে লাকড়ি রাখার ঘর প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার সময় হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে মিরসরাই পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন উল্যাহ। তিনি বলেন, আজ রাত ১০টায় উপজেলার বড়তাকিয়া জামে মসজিদে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। তিনি ৩ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।

মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক বলেন, মাওলানা বাকী বিল্লাহ সাদেকী দীর্ঘ প্রায় ৪০ বছর এই মাদরাসায় আরবি বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। উনার অসংখ্য ছাত্র দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন। তিনি হযরত গফুর শাহ (র.) জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm