মিরসরাইয়ে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

মিরসরাইয়ে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল৷

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার৷

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এদের বিরুদ্ধে ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোনোরুপ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

এদিকে বহিষ্কার হওয়া মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন জানান, এই বহিষ্কারাদেশ ষড়যন্ত্র করে উদ্দেশ্যপ্রণোদিত এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে নেওয়া হয়েছে।

জানা গেছে, গত রোববার (২১ সেপ্টেম্বর) সকালে নিজামপুর কলেজে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যা রাজনীতিতে রূপ নেয়। দুপুরে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে নিয়ে আসায় বিকেলে ছাত্রদলের দুগ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এরপর সন্ধ্যায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে (বাজি) ল্যাঞ্চার দিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়। এ সময় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করেই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে৷

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm