মা হারানো হাতির বাচ্চাটি এখন ডুলাহাজারা সাফারি পার্কে, খাচ্ছে দুধ-কলা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন জঙ্গল থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক হাতির শাবক উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং বিটের হরিখোলা বুরাবুনিয়া থেকে হাতির বাচ্চাটিকে উদ্ধার করে বন বিভাগ। আজ (৬ জানুয়ারি) সকালে হাতির বাচ্চাটিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : ৩ দিনেও ফেরানো যায়নি মায়ের কাছে, এখন যেখানে সেই বাচ্চা হাতি

ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, রোববার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং বনবিটের গহীন জঙ্গলের হরিখোলার বুরাবুনিয়া এলাকায় মা হাতি একটি বাচ্চা প্রসব করে। বাচ্চা প্রসবের পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মা হাতিটির মৃত্যু হয়। পরে স্থানীয় বনবিটের কর্মীরা খবর পেয়ে হাতির বাচ্চাটিকে উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ অফিসে নিয়ে আসে। এরপর হোয়াইক্যং রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার জহির উদ্দিন মো. মিনার চৌধুরী সদ্য ভূমিষ্ঠ হওয়া হাতির বাচ্চাটিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক ও একদল বনকর্মীকে সঙ্গে নিয়ে ওই বাচ্চা হাতিটিকে উদ্ধার করি। বর্তমানে ওই বাচ্চাকে সাফারি পার্কের ভেটোরিনারি হাসপাতালে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকের পরামর্শে বাচ্চাটিকে দুধ, কলাসহ বিভিন্ন ফল খাওয়ানো হচ্ছে। বাচ্চাটি এখন সুস্থ আছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm