বাড়িতে হঠাৎ পুলিশ দেখে মারা গেলেন আসামি!

কক্সবাজারে ঈদগাঁওয়ে বাড়িতে পুলিশ দেখে নুরুল কবির লেদু (৫৬) নামের পরোয়ানাভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নুরুল কবির লেদু উপজেলার ইসলামাবাদ ইউছুপেরখীল এলাকার মৃত সুলতান আহমদের বড় ছেলে। হৃদরোগের কারণে গত ঈদুল ফিতরের পর প্রবাস থেকে দেশে ফিরে তিনি এলাকায় ব্যবসা শুরু করেন।

আরও পড়ুন: র‌্যাবের ওপর হামলা করে লুকিয়ে থাকা ডজন মামলার আসামি ধরা

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি মারামারির ঘটনায় কক্সবাজার সদর থানার মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি নুরুল কবির লেদু। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। খবর পেয়ে শনিবার রাতে তাকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশ যাওয়ার খবর পেয়ে লেদু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার বড় ছেলে শরীফসহ পুলিশের গাড়িতে করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের ছেলে শরীফ বলেন, এলাকার একটি মারামারির মামলায় বাবা আসামি হন। কিন্তু পরে স্থানীয়ভাবে মামলাটি নিষ্পত্তি করা হয়। বাবাও প্রবাসে চলে যান। তবে এ নিষ্পত্তিনামা আদালতে জমা না দেওয়ায় মামলা চলমান থেকে যায় এবং পলাতক হিসেবে ওয়ারেন্ট জারি হয়। এসব আমাদের জানা ছিল না। সেই মামলায় বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ আসার খবর শুনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশের গাড়িতে করে বাবাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।]

শরীফ আরও বলেন, আমার বাবা হার্টের রোগী হওয়ায় প্রবাস থেকে দেশে ফিরে আসেন। এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই।

বিডি/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm