কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে এক মাদরাসা শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এতে ৩০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
ওই মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুটি বাসে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীসহ আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। তাদের বাসটি আমাদের বাসের আগে ছিল। সাতকানিয়ার কেরানীহাট এলাকায় পৌঁছালে তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডোবায় পড়ে যায়। নিহত দুজন বাসের সামনের সিটে বসা ছিলেন। পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে হয়ত তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মরদেহ দোহাজারী হাইওয়ে থানায় রয়েছে। নিহতদের স্বজনেরা এলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
স্থানীয় মো. রাশেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠাই। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করি।
যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


